• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১২:৫৯
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১২:৫৯

9666598920

কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
উৎপাদনমুখী রাষ্ট্র গড়ে তোলার পরিবর্তে বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে মানুষকে বেকারত্বের দিকে উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে এনসিপি নামের চারাগাছকে একটি শক্তিশালী বৃক্ষে পরিণত করতে জনগণের সমর্থন প্রয়োজন। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, ‘আমরা প্রতারণা করব না।’

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ভোট বিক্রির মাধ্যমে জনগণ নিজেরাই নিজেদের গোলামির শৃঙ্খলে আবদ্ধ করে ফেলছে। এর ফলে পরবর্তী পাঁচ বছর সেই সিদ্ধান্তের বোঝা বহন করতে হয়। এ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ভোটাধিকার সম্পর্কে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণ সচেতন হলে জনপ্রতিনিধিরা পাঁচ বছর জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে বাধ্য হবেন।

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজপথে নারীদের ব্যবহার করা হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, পলাতক শেখ হাসিনা দেশে ফেরার হুমকি দিলেও তিনি আর কখনও বাংলাদেশে ফিরতে পারবেন না। এমনকি তাঁর পরিবারের কারও দাফনও এ দেশে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, বাংলাদেশে নারীদের রাজনীতিতে অংশগ্রহণের পথে নানাভাবে বাধা সৃষ্টি করা হয়। চরিত্র হননের মাধ্যমে তাদের নিরুৎসাহিত করার চেষ্টা চলে। এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে নারীদের আরও সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য গণভোট বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় জুলাইয়ের তরুণদের আবারও গুলির মুখে পড়তে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মুনির আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com