• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গয়েশ্বরসহ বিএনপির ১৬ নেতার হাইকোর্ট থেকে আগাম জামিন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ১০:০২
আপডেট: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ১০:০২

96663256 11

গয়েশ্বরসহ বিএনপির ১৬ নেতার হাইকোর্ট থেকে আগাম জামিন

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনকালে হামলা-ভাঙচুর, সংঘর্ষ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৬ নেতাকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

জামিনপ্রাপ্ত বিএনপির অন্য নেতাদের মধ্যে রয়েছেন- দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, বিএনপি নেতা মীর শরফত আলী সপু, আবদুল কাদের ভূইয়া জুয়েল, আবদুস সাত্তার পাটোয়ারী, সাইফ মাহমুদ জুয়েল, রুমা আক্তার, আবদুস সাত্তার প্রমুখ।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে জামিন আবেদনের শুনানিতে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

প্রসঙ্গত গত ২৩ মে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন রাজধানীর নিউমার্কেট ও ধানমণ্ডি থানার পুলিশের ওপর হামলা, ইটপাটকেল ও বিস্ফোরক দ্রব্য নিক্ষেপের অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com