জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের ‘গেস্টরুম’ বা ‘গণরুম’ কালচার নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে আবু সাঈদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ বলতে পারবে না যে ছাত্রদল গেস্টরুম বা গণরুম দখল করেছে। আমরা এমনভাবে সংগঠন সাজিয়েছি যাতে এই ধরনের প্রভাব বিস্তার না হয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের আগে আমাদের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা চালানো হয়েছিল— আমরা নাকি গেস্টরুম বা গণরুম করব। এটা সম্পূর্ণ মিথ্যাচার ছিল। গত এক বছরে আমাদের নামে আরেকটি সংগঠন এসব মিথ্যাচার ছড়িয়ে পার পেয়ে গেছে। তবে ২০২৬-২৭ সালের মধ্যেই আমরা প্রমাণ করব, ছাত্রদল নতুন ধারার ছাত্র রাজনীতির পথ দেখিয়েছে।”
ছাত্রদল সভাপতি বলেন, “ছাত্রদল গেস্টরুম বা গণরুম সংস্কৃতিতে বিশ্বাস করে না। একদিন অবশ্যই ছাত্রসমাজ এই মিথ্যাচারের বিরুদ্ধে অবস্থান নেবে, ইনশাআল্লাহ। অন্য কোনো সংগঠনের বিরুদ্ধেও আমরা মিথ্যাচার চাই না। সবাইকে দখল ও ভয়ভীতি নির্ভর রাজনীতি থেকে সরে আসতে হবে।”
ছাত্রনেতাদের উদ্দেশে তিনি বলেন, “যে ছাত্রনেতারা রাজনীতিতে অর্থের পেছনে ছুটবে, তাদের আদর্শিক বিকাশ সম্ভব নয়। সংগঠনের শীর্ষ নেতারা যদি দুর্নীতিতে জড়ান, তবে পুরো সংগঠনই সেই সংস্কৃতিতে ডুবে যাবে। আমরা চাই আদর্শিক রাজনীতি ফিরে আসুক।”












