জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জামায়াত এক কথা বলে আরেক কাজ করে। প্রকাশ্যে তারা এক রকম অবস্থান নেয়, অথচ গোপনে গিয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসে বৈঠক করে। আবার মুখে বড় বড় কথা বললেও আড়ালে ভারতের সঙ্গে বৈঠকে বসে। তিনি বলেন, বৈঠক করতেই পারে, কিন্তু প্রশ্ন হলো গোপনে কেন। এই গোপন বৈঠকের মধ্যেই ‘ডাল মে কুচ কালা হ্যায়’ অর্থাৎ কোনো না কোনো রহস্য রয়েছে, যা দেশের মানুষ ইতোমধ্যে বুঝে গেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদী সদর উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন পুলিশ লাইনস এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রেজাউল করীম বলেন, অতীতে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। সে কারণে নতুন করে তারা উন্নয়ন ও শান্তির কথা বললেও তা বাস্তবে কতটা সম্ভব, সে বিষয়ে মানুষের মধ্যে বড় ধরনের প্রশ্ন রয়েছে। তিনি বলেন, দেশের মানুষ এখন আর বোকা নয়, তাদের আর ধোঁকা দেওয়া যাবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, (৫ আগস্ট) এর গণ অভ্যুত্থানের পর তিনি একটি সুন্দর ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু নেতৃত্ব ও নীতিগত অবস্থান নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় সেই ঐক্য আর বাস্তবায়ন সম্ভব হয়নি। ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, একশ্রেণির ক্ষমতালোভী গোষ্ঠী প্রচলিত আইন দিয়েই দেশ পরিচালনা করতে চায়। অথচ এই আইন দিয়েই গত ৫৪ বছরেও দেশে ইনসাফ প্রতিষ্ঠা করা যায়নি। তাই তাদের ইনসাফভিত্তিক রাষ্ট্রের প্রতিশ্রুতি আসলে একটি বড় ধোঁকা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেন তিনি।
পরিশেষে তিনি দেশ ও ইসলামপ্রেমী ভোটারদের পরিবর্তন আনার লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।












