• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণের সমর্থন বিএনপির পক্ষে, অপপ্রচারে লাভ হবে না: দুদু

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৫:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৫:৩৪

9620002

জনগণের সমর্থন বিএনপির পক্ষে, অপপ্রচারে লাভ হবে না: দুদু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের মানুষ ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সচেতন। অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণের আস্থা অর্জন করা যাবে না। জনগণের সমর্থন বিএনপির পক্ষে রয়েছে। অপপ্রচারে লাভ হবে না।

বৃহস্পতিবার ২১ মে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, দেশে বিভিন্ন অপকর্ম সংঘটিত হলেও একটি গোষ্ঠী সেসবের দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। তারা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করছে এবং মিথ্যা ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই।

দুদু বলেন, একাধিকবার পাঁচ-ছয়বার লিখিতভাবে আগের সরকারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। হামের মতো রোগ, যেটি আমরা নির্মূল করেছিলাম, সেই রোগও আবার ফিরে এসেছে আগের সরকারের ব্যর্থতার কারণে। এখন সরকার জরুরি ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

তিনি ফার্মাসিস্টদের ভূমিকাও প্রশংসা করে বলেন, অনেক ফার্মেসি আগে রাত সাতটা-আটটার মধ্যে বন্ধ হয়ে যেত। কিন্তু এখন জাতীয় দায়িত্ববোধ থেকে তারা সারারাতও সেবা দিচ্ছে। এটি প্রশংসনীয়।

জামায়াতের সমালোচনা করে দুদু বলেন, ইতিহাসের ধারায় তারা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। তিনি বলেন, দেশের মানুষ জানে ১৯৭১ সালে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল।

বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, অতীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এখন প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার চেষ্টা হলে সেখানে অস্থিরতা তৈরির অপচেষ্টা করা হচ্ছে।

বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৮ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে। এমন কোনো নেতা-কর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি, জেল হয়নি বা নির্যাতনের শিকার হয়নি। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে রাখা হয়েছিল।

দুদু বলেন, তারেক রহমান অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা করছেন। আমাদের সবাইকে তার পাশে দাঁড়াতে হবে এবং তার হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, অপকর্ম যারা করছে তারা বিএনপি করে না। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, কোথাও অপকর্ম হচ্ছে কি না সেদিকে নজর রাখতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় না দেখে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান তিনি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. এবি সিদ্দিকী হাওলাদার। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. সুকোমল বড়ুয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com