• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণের সরকার গঠনের অঙ্গীকারে গণসংযোগ শুরু ইশরাকের

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ৭:০৬
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ৭:০৬

96587458

জনগণের সরকার গঠনের অঙ্গীকারে গণসংযোগ শুরু ইশরাকের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রচার ও গণসংযোগ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কোতোয়ালি থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের সদরঘাট চৌরাস্তায় (বাটার মোড়) নিজের নির্বাচনী প্রচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ইশরাক এ কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

ইশরাক হোসেন বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষের মনোনয়ন পেয়ে ঢাকা-৬ থেকে আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি। আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা আপনাদের অনেকেরই এখানে সহযোদ্ধা ছিলেন, পরিচিতও ছিলেন এবং এই এলাকা থেকে চারবার সাবেক নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা আমাদের প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তী সময় আমাদের আজকের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম লড়াই করেছি মাত্র মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং জনগণের ভোটে নির্বাচিত একটি জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে। দীর্ঘ লড়াইয়ের পর ২০২৪ সালের ৫ আগস্ট একটি রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি এবং ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

এই নির্বাচন যদি সফলভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটি দৃষ্টান্ত রাখা যায়, তাহলেই আমাদের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও লড়াই স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে এবং বাংলাদেশের গণতন্ত্র স্থায়ীভাবে পুনঃপ্রতিষ্ঠা করার যে লড়াই আমরা করছি, তা আমরা স্থাপন করতে পারব।

এলাকাবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এলাকাবাসীসহ যারা রয়েছেন আপনারা সবাই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের ভোটটি দেবেন।

ইশরাক বলেন, আপনাদের কাছে আমি কেন ভোট চাইছি। আমি এর আগে কোনো দায়িত্ব পালন করিনি, না সরকারি, না সাংগঠনিক—কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম না। তাই আমার কোনো পরীক্ষা দেওয়ারও সুযোগ হয়নি। আমি আপনাদের বলব, আপনারা আমাকে একটি সুযোগ দিতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কোনোভাবেই হতাশ করব না।

এলাকার সমস্যা তুলে ধরে ইশরাক হোসেন বলেন,গ্যাস সংকট, যানজট, জলাবদ্ধতা, বায়ু ও শব্দ দূষণ এবং সংকীর্ণ রাস্তা ঢাকা-৬ এর বড় সমস্যা। আমরা এসব সমস্যার সমাধানে পরিকল্পনা গ্রহণ করেছি।শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে বিএনপির পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন ,বিগত ১৭ বছরে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আমরা সেই অর্থ জনগণের কাছে ফিরিয়ে আনব।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের এক নম্বর অগ্রাধিকার হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।

তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক, যেখানে কোনো বিদেশি রাষ্ট্র জবরদস্তি করতে পারবে না। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, অর্থনীতিকে স্বাবলম্বী করেছে এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করেছে।

এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী তার নির্বাচনী প্রচারণায় যোগ দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com