জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ঢাকা যুব সমাবেশে নেতাকর্মীদের ঢল লক্ষ করা গেছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সংগঠনটির ঢাকা এবং এর আশপাশের জেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। সমাবেশ শুরু হওয়ার আগেই নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান নিলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হয়ে সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।
সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু এবং সঞ্চালনায় রয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথির বক্তব্য দিবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়।












