জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনের বাকি আর কয়েকদিন। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। চালাচ্ছেন আনুষ্ঠানিক প্রচারণা। এখনো জোট সমীকরণ নিয়ে চলছে রাজনৈতিক মহলে নানা আলোচনা, গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনেক জায়গায় চাউর হয়েছে জামায়াতে ইসলামীর জোটে যোগ দিচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এমন গুঞ্জন জোরালোভাবেই ভাসছে। এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়েছে গণমাধ্যমে। আলোচনা সোশ্যাল মিডিয়ায়। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেয়া নাগরিক ঐক্য জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে। গুঞ্জন সত্যি হলে, জামায়াত নেতৃত্বাধীন এই নির্বাচনী জোট ১২ দলীয় জোটে রূপ নেবে।
মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জামায়াত জোটের একাধিক নেতৃবৃন্দের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে আলোচনা রয়েছে। দাবি করা হয়, দুই-একদিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। মূলত বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করছেন মান্না।
জোটে যোগ দেয়ার বিষয়ে মাহমুদুর রহমান মান্না মানবজমিনকে বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার ব্যাপারে এরকম কোনো আলোচনা হয়নি। আমি নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমার এলাকায় ভোটের কাজ করছি। আমার এলাকায় এখানে প্রতিদ্বন্দ্বী হলো জামায়াতে ইসলামী।
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ভোটের সময় অনেক রিউমার ছড়াবেই। এরকম কতো রিউমারই তো ভোটের সময় ছড়ায়। এগুলো কিছু না।
উল্লেখ্য, বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করছেন মান্না। এরমধ্যে বগুড়া-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান এবং ঢাকা-১৮ আসনে জামায়াতের জোট সঙ্গী এনসিপি’র নেতা আরিফুল ইসলাম আদীব।
এর আগে গত বুধবার আসন সমঝোতা না হওয়ায় বিএনপি’র জোট থেকে সরে আসার ঘোষণা দেয় নাগরিক ঐক্য।












