• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জুলাই সনদ ইস্যুতে ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে বিএনপি’: গোলাম পরওয়ার

প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১২:২১
আপডেট: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১২:২১

965920 13

জুলাই সনদ ইস্যুতে ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে বিএনপি’: গোলাম পরওয়ার

কক্সবাজার প্রতিনিধি
ছবি প্রতিনিধি
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি এ অবস্থানকে রাজনৈতিক ‘দ্বিচারিতা’ বলে আখ্যা দেন।

সোমবার (২৩ মার্চ) দুপুর ২টায় কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। সাংগঠনিক সফরে এসে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সহস্রাধিক প্রাণ ও হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সরকার গঠনের পর তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, এখন তারা সেখান থেকে সরে এসেছে।

তিনি অভিযোগ করেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও পরোক্ষভাবে আদালতে রিট করে বিষয়টিকে বিচারাধীন করা হয়েছে। সরকারের পরোক্ষ মদদে এটি করা হয়েছে—যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

তার ভাষায়, একদিকে জনগণের কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল—এটাই দ্বিচারিতা।

গণভোট প্রসঙ্গ টেনে জামায়াতের এ নেতা বলেন, জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের চেয়েও গণভোটের পক্ষে জনসমর্থন বেশি ছিল। আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। তাই সংসদের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জুলাই সনদ অস্বীকার করা গণতান্ত্রিক দলের কাজ হতে পারে না।

রাজনৈতিক সংকট নিরসনে তিনি সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। এটাই এখন সংকট সমাধানের একমাত্র পথ।

মিয়া গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে—সমাধান পার্লামেন্টে হবে, নাকি জনগণকে আবারও রাজপথে নামতে বাধ্য করা হবে। পাশাপাশি, জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই জনগণের পক্ষে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

এ সময় কক্সবাজার জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com