জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ কার্যক্রম শুরু করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, বাংলাদেশে আগামীতে মানুষের কাছে বিএনপি যে বার্তা দিয়েছে, তা আশাব্যঞ্জক নয়। জুলাই সনদ অনুযায়ী জাতীয় সংসদে স্পিকার সরকারি দল থেকে হওয়া উচিত হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়া উচিত। কিন্তু বাস্তবে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল, যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ সদস্য।
তিনি আরও বলেন, “আজকে আপনারা দেখবেন, স্পিকার এবং ডেপুটি স্পিকার শপথ নিয়েছেন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির কাছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সীমাবদ্ধতার মধ্যে ছিলাম এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছিলাম, সেই সময়ের পরে যখন একটি নির্বাচিত সরকার শপথ গ্রহণ করছে ফ্যাসিস্ট রাষ্ট্রপতির মাধ্যমে, তখন তারা পূর্বের স্বৈরাচারী ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা কার্যক্রমকে পুনরায় চালু করেছে। এটি আমাদের জন্য গভীরভাবে হতাশাজনক।”
সারজিস আলম আরও উল্লেখ করেন, “যদি বিএনপি জুলাই সনদকে উপেক্ষা করে এবং জনগণের স্বার্থের বিপরীতে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে চায়, তাহলে তারা সংসদকে স্বাভাবিকভাবে কার্যকর রাখতে পারবে না। কোনো রাজনৈতিক দল যদি কেবল তাদের পার্টির স্বার্থ বাস্তবায়নের জন্য ক্ষমতার লোভে স্বৈরাচারের পথে হেঁটে চলে, তবে জনগণ এবং আমরা বিরোধী দল হিসেবে একসাথে প্রতিরোধ করব। আমরা সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসনের দাবি জানিয়েছি, কারণ এই রাষ্ট্রপতির হাত ধরে নতুন সরকার কার্যকরভাবে পরিচালিত হতে পারবে না।”












