• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জোট মহাজোটের বাইরে একক শক্তি হতে চায় ইসলামী আন্দোলন

প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ৩:৪৬
আপডেট: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ৩:৪৬

966632 2

জোট মহাজোটের বাইরে একক শক্তি হতে চায় ইসলামী আন্দোলন

আগামী ২ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শনিবার দুপুরে এ উপলক্ষে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিয়ত একটু একটু করে এগিয়ে যাচ্ছে, জোট মহাজোটের বাইরে আমরা যে একক ইসলামী ও জনশক্তি গড়ে তোলার কাজ করেছি, তার ফলাফল আসতে শুরু করেছে। এটাকে কী করে কাজে লাগানো যায় এবং আরও ত্বরান্বিত করা যায়, সে বিষয়ে ২ তারিখের জাতীয় সম্মেলন একটি মাইলফলক হতে যাচ্ছে।

পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা গাজী আতাউর রহমান। সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলমের পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা খলিলুর রহমান, জি এম রুহুল আমিন, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলহাজ জান্নাতুল ইসলাম, শহিদুল ইসলাম কবির, মুফতি মোস্তফা কামাল প্রমুখ।

গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আপনাদের কাছে নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। অর্থনৈতিক দুরাবস্থা, নির্বাচন নিয়ে অস্থিরতা, জোট-মহাজোট ভাঙ্গাগড়ার নিত্য ঘটনা, নীরব দুর্ভিক্ষ সব মিলিয়ে বাংলাদেশের জন্য বর্তমান সময় খুবই তাৎপর্যপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ১ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিশে শূরার সভা অনুষ্ঠিত হবে। যেখানে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে। পরের দিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

তিনি বলেন, এই সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূলের নেতারা অংশ নেবেন। আমরা ২০২২ পর্যন্ত দেশের প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করার লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম। আলহামদুলিল্লাহ; আমাদের লক্ষ্য সাফল্যের মাত্রা স্পর্শ করেছে। এই সম্মেলনে ওয়ার্ড পর্যায়ের বাছাইকৃত নেতৃত্ব এবং এর পাশাপাশি ইউনিয়ন থানা ও জেলা শাখার ঊর্ধ্বতন নেতারা অংশগ্রহণ করবেন। এই সম্মেলন থেকে মুহতারাম আমির আসন্ন নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্দেশনা প্রদান করবেন। নির্বাচনী লক্ষ্যমাত্রা বেঁধে দেবেন।

তিনি আরও বলেন, এই সম্মেলনকে সামনে রেখে আমরা দেশের প্রায় সব রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ আলাপ করেছি। বহু বিষয়ে আমরা একমত হয়েছি। আগামীর পরিকল্পনায় সহযোগী হওয়ার বিষয়ে একধরনের বোঝাপড়া হয়েছে। সম্মেলনে সে বিষয়ে একধরনের প্রতিফলন দেখা যাবে ইনশাআল্লাহ। একই সঙ্গে আমরা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে আলাপচারিতা, বোঝাপড়া করেছি। তার প্রতিফলনও থাকবে সম্মেলনে।

গাজী আতাউর রহমান বলেন, এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। অভ্যর্থনা, নিরাপত্তাসহ সামগ্রিক ব্যবস্থাপনা শেষ হয়েছে। দীর্ঘ দৌড়ঝাঁপের পর অবশেষে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করার ব্যাপারে প্রশাসনের সম্মতি পাওয়া গেছে। প্রশাসনের এই শুভ বুদ্ধির জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে সম্মেলনকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও ঢাকাবাসীর প্রতি সার্বিক সহযোগিতার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এই সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রব্যবস্থার সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়তে ১৯ দফা ঘোষণা করবে। নির্বাচনকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিসহ ১৫ দফা দাবি উপস্থাপন করা হবে। দলের আমির তৃণমূলের নেতৃত্বের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করবেন।

আক্ষরিক অর্থেই এই সম্মেলন জাতীয় রাজনীতির জন্য একটি বাঁক পরিবর্তনীয় ঐতিহাসিক ঘটনা হতে যাচ্ছে বলে আমাদের বিশ্বাস। আপনাদের এই সম্মেলনে আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি, জাতির বিবেক হিসেবে এই জাতীয় সম্মেলনের প্রচার-প্রচারণা এবং এই সম্মেলনের বার্তা-তাৎপর্য জাতির সামনে তুলে ধরবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com