শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
‘গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৬ দফা দাবি আদায়ে আমরা লং মার্চ ঘোষণা করেছি। সে দাবি আদায় করেই ঘরে ফিরবো’ বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লঞ্চ মার্চে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিক এসব কথা বলেন।
দেশের জনগণ আমাদের সঙ্গে আছে। গণভোটের রায় বাস্তবায়নসহ দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে আমরা লং মার্চে নেমেছি। সরকারকে জনগণের মনের ভাষা বুঝতে হবে। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। মাদক টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করতে হবে। আজকে আমরা কেবল কর্মসূচি শুরু করলাম। প্রত্যেকটি বিভাগীয় শহরে আমাদের লং মার্চ যাবে। এরপরে ঢাকায় মহাসমাবেশ হবে। দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কর্নেল অলি আহমেদ বীর বিক্রম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘জনগণের রায়কে সরকার প্রত্যাখ্যান করলে সরকারকে জনগণ প্রত্যাখ্যান করবে। ইতিমধ্যে সরকারের গদির লড়ে গেছে। এখন আমরা যে ছয় দফা দিয়েছি তা না মানলে আমাদের দাবী সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হবে।’
১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লায় পৃথক তিনটি পথসভার আয়োজন করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দি, পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দিয়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে ধরে সরকারের প্রতি কঠোর বার্তা দেন।
লং মার্চকে কেন্দ্র করে দাউদকান্দি ও কুমিল্লার পথসভায় ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সরকারের নীতির প্রতিবাদ জানান এবং জনগণের বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এরপর লং মার্চের বহরটি চট্টগ্রামের উদ্দেশ্যে কুমিল্লা ছাড়ে।
পথসভায় স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে লং মার্চের গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।











