• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে নৃশংসভাবে শিশু ধর্ষণ-হত্যার সংখ্যা বাড়ছে: আসিফ মাহমুদ

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১১:১৪
আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১১:১৪

96333326 5

দেশে নৃশংসভাবে শিশু ধর্ষণ-হত্যার সংখ্যা বাড়ছে: আসিফ মাহমুদ

বিভাগীয় প্রতিনিধি, ময়মনসিংহ
ছবি: প্রতিনিধি
বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: খবরের কাগজ

দেশে নৃশংসভাবে শিশু ধর্ষণ এবং হত্যার সংখ্যা বাড়ছে, এটা আমাদের প্রত্যেকের জন্য শঙ্কার। নারীদেরকে এখন রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে এক ধরনের শঙ্কা, ভয় এবং আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেন, ধর্ষণ থেকে শুরু করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। যদিও আমরা পূর্ববর্তী সরকারের সময়ে বার বার শুনেছি, এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনিই বলতেন যে- নির্বাচিত সরকার আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু দুঃখজনক বিষয় যে, নির্বাচিত সরকার আসার পরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে তারুণ্যের বাজেট ভাবনা ও গণভোট বাস্তবায়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা জাতীয় ছাত্রশক্তি আয়োজিত এ সেমিনারে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর দিন। এক্ষেত্রে যদি বিরোধীদলের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। কিন্তু আমরা দেখছি যে আপনাদের মনোযোগ আইনশৃঙ্খলার দিকে না গিয়ে বিভিন্ন স্ট্যাান্ডবাজির দিকে বেশি আগ্রহী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, আমরা বিভিন্ন সময় শুনি, বিভিন্ন কার্যক্রমে আমাদের কাছে মনে হয়, সংসদে কথা দেখেও মনে হয় যে- আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় প্রধানমন্ত্রী হতে চান। কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা ঠিকভাবে পালন করছেন না। আমরা নাগরিকদের পক্ষ থেকে দাবি করতে চাই যে, সর্বপ্রথমে এদেশের নাগরিকের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে।’

সেমিনারে আসন্ন বাজেট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আর্থিক কাঠামোর বড় ধরনের সংস্কার ছাড়া এত বড় বাজেট কীভাবে বাস্তবায়ন করা হবে তা এখনো পরিষ্কার না, বর্তমান প্রশাসনিক সক্ষমতা দিয়ে এই বাজেটের লক্ষ্য অর্জন সম্ভব নয়। একটি নির্বাচন পরবর্তী সরকারের প্রথম বাজেটে জনগণের প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় সংস্কার, গণভোট ও কাঠামোগত পরিবর্তনের প্রতিফলন থাকবে। কিন্তু এখন পর্যন্ত সেই পরিকল্পনা দৃশ্যমান নয়। বর্তমান অর্থনীতির মৌলিক সংকটগুলোর মধ্যে উচ্চ মূল্যস্ফিতী, কর্মসংস্থানের স্থবিরতা, বিনিয়োগ সংকট ও রাজস্ব ঘাটতি নিয়ে বাজেটে সুস্পষ্ট রূপরেখা এখনো দেখা যাচ্ছে না বরং ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড, খাল খননের মতো কর্মসূচি নিয়ে সরকারকে বেশি আলোচনা করতে দেখা যাচ্ছে।

সীমান্ত হত্যায় ক্ষোভ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে উগ্রবাদী, উগ্র হিন্দুত্ববাদীরা ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত হত্যা বেড়ে গেছে। তারা ঘোষণা দিচ্ছে যে, পুশব্যাক করবে তারা। কিন্তু আমরা আজকেও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং দেখলাম, তিনি এই বিষয়ে বলেন- এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যে আইনের ফলে সেখানকার নেতৃবৃন্দরা বলছেন যে, সীমান্তে যাদেরকে সন্দেহ হবে তাদের ধরে বাংলাদেশে পুশব্যাক করবে, তখন সেটা ভারতের অভ্যন্তরীণ বিষয় থাকে না। যখন বাংলাদেশে পুশব্যাক করার বিষয়টা আসে, তখন এটা বাংলাদেশের বিষয় হয়ে যায়।

সেমিনারে জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব মাজহারুল ইসলাম রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, এনসিপি নেতা জাহিদ আহসান, জাবেদ রাসিন, আব্দুল্লাহ আল ফয়সাল, অ্যাডভোকেট এটিএম মাহাবুবুল আলম, ইকরাম এলাহি খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com