• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্য ভাঙা যাবে না: দুদু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ ১:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ ১:৫৩

9633325410

দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্য ভাঙা যাবে না: দুদু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপিসহ যারা নির্বাচনে অংশ নেবে, তাদের সতর্ক ও সজাগ থাকতে হবে। ঐক্য ভাঙা যাবে না। তিনি বলেন, “এই (আওয়ামীলীগ) জালিম ও লুটেরা শক্তিদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না; তা হলে দেশের অস্তিত্ব ও স্বাধীনতা বিপন্ন হবে।” এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড এবং প্রশাসনে ঘাপটিমারা আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন,একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে: গণহত্যাকারীরা পালিয়ে গেছে। ব্যাংক, বীমা, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল, সেগুলোকে ধ্বংস করে চূড়ান্তভাবে লুটপাট করে নিয়ে গেছে। এর মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে; বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা একেবারে চলে গেছে—এটি যদি আমরা সত্যি ধরে নিই, তাহলে সেটাও ভুল হবে।

তিনি বলেন , নির্বাচনের দাবি তো এদেশের মানুষই করে—কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের মতো বিভিন্ন পেশার মানুষ তাদের অধিকার চাই এবং ভোট দিতে চায়। বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান, গত ষোল বছর ধরে মানুষের সঙ্গে থেকে রাস্তায় আন্দোলন করেছেন। আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় ১০ বছর সাজা দেওয়া হয়েছিল। তিনি দীর্ঘদিন (প্রায় ছয় বছর) আটকাবস্থায় ছিলেন এবং পর্যাপ্ত চিকিৎসা সেবা সরবরাহ করা হয়নি; আল্লাহ তাকে রক্ষা করেছেন। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কেবল মামলা করা হয়নি—বিচারের নামে তাকে যাবজ্জীবন শাস্তির মতো আচরণ করা হয়েছে। অনেকেই বিশ্বাস করে না যে তিনি দেশে ফিরলে নিরাপদ থাকবেন; তাই তিনি সময় নিচ্ছেন এবং দলও প্রস্তুতি নিচ্ছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন,আগামী দিন যদি আমরা প্রস্তুত না থাকি, আমাদের বিপদ আসতে পারে। আমাদের দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এমন একটি দলকে আগামী দিনে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত এবং মানুষের কথায় বিশ্বাস করে; যারা কথা দিলে তা রক্ষা করে। আমার মনে হয় সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) — যার মার্কা ধানের শীষ, এবং নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। এই কথাটি আমাদের মনে থাকতে হবে এবং আগামী দিনে শপথবদ্ধ হতে হবে যে ফ্যাসিস্টরা—যারা হত্যাকারী ও গণহত্যাকারী—তারা যেন কখনো ফেরত আসতে না পারে; সেটাই আমাদের লক্ষ্য হবে। আমি মনে করি, এ ছাড়া কোনো পথ নেই।

সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, চলুন আমরা সুশৃঙ্খল, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই। যারা আগের তিনটি নির্বাচনে অংশ নিয়ে লুটপাট করেছে বা অন্যায় করেছে—এসব লোক যেন প্রশাসনে আর স্থান না পায়। সরকার ইতোমধ্যে বলেছে অতীতে যারা এই আচরণ করেছে, তারা ভবিষ্যতে থাকবে না—আলহামদুলিল্লাহ—কিন্তু সরকারকে কথাটি রাখতে হবে।

দুদু বলেন, বিএনপিসহ যারা নির্বাচনে যাবে, তাদেরও সতর্ক ও সজাগ থাকতে হবে। ঐক্য ভাঙা যাবে না—এটাই দেশের ও গণতন্ত্রের স্বার্থে অত্যাবশ্যক। এই জালিম ও লুটেরা শক্তিদের কোনোভাবে সুযোগ দিলে দেশের অস্তিত্ব ও স্বাধীনতা বিপন্ন হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য দেন পিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমতুল্লাহ, শাহা নেচারুল হক, কৃষকদলের যুগ্ন সাধারন সম্পাদক শাহা আব্দুল্লাহ আল বাকি, পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুর রাজি, কৃষক দল নেতা শফিকুল ইসলাম সবুজ, রমিজ উদ্দিন রুমি, রবিউল ইসলাম তালুকদার রবি, আমির হোসেন দানেজ, মোঃ মুসা ফরাজী সহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com