জামালপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুর সদরবাসীর জন্য উন্নয়নের কাজ করতে হলে, আপনাদের দাবিগুলো পূরন করতে হলে বিএনপিকে ক্ষমতায় নেয়ার পাশাপাশী জামালপুরেও ধানের শীষকে বিজয়ী করতে হবে। ৩০ বছর পর এবার সুযোগ এসেছে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটায় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করে ভোটারদের কাছে ভোট চাচ্ছে। কোথাও কোথাও তারা বলছে জামায়াতে ইসলামীর প্রতীক দাড়িপাল্লা, সেটা নাকি ইনসাফের প্রতীক। তাই দাড়িপাল্লায় ভোট দিলে বিনা হিসাবে জান্নাতের টিকিট পেয়ে যাবেন। যেটা ইসলাম কখনো মেনে নেয় না। ইসলামের নামে যারা অপব্যাখ্যা দিচ্ছে তারা ইসলামের পক্ষের শক্তি না তারা ইসলামের শত্রু।
তিনি নির্বাচনী সভায় বলেন, আগামী ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ধানের শীর্ষ প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, ৩০ বছর নৌকায় ভোট দিয়েছেন এবার নৌকা নাই। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এবং বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের এলাকার রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্টসহ যত সমস্য আছে আমি সব সমস্যার সমাধান করবো।
নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, সাংগঠনিক সম্পাদক মোকসেদুর রহমান হারুন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।












