নিউজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং তার মুক্তি ও একদফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার(১৫ আগস্ট) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আগামী ১৬ আগস্ট (বুধবার) সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল, অবিলম্বে তার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ১৭ আগস্ট (বৃহস্পতিবার) সারাদেশে লিফলেট বিতরণ ও ১৯ আগস্ট (শনিবার) সকল মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা। সেইসঙ্গে অবৈধ, লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে আগামী ১৮ আগস্ট (শুক্রবার) যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগরসহ সকল মহানগরে গণমিছিল অনুষ্ঠানের কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মুশতাক আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।












