• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নানকের বক্তব্য রাজনৈতিক অজ্ঞতার বহিঃপ্রকাশ: জাসদ

প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ২:০১
আপডেট: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ২:০১

9600010 2

নানকের বক্তব্য রাজনৈতিক অজ্ঞতার বহিঃপ্রকাশ: জাসদ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের ‘মুক্তিযুদ্ধবিরোধী আড্ডাখানা হিসেবেই জাসদ গণবাহিনী গঠন করেছিল’ শীর্ষক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দলের পক্ষ থেকে দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে সাজ্জাদ হোসেন উল্লেখ করেন, ‘জাসদ নিয়ে জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুধুমাত্র নির্জলা মিথ্যাচারই নয়, তার রাজনৈতিক অজ্ঞতারই বহিঃপ্রকাশ।’

সাজ্জাদ হোসেন বলেন, ‘জাসদ শতকরা একশ’ ভাগ মুক্তিযোদ্ধার দল। জাসদে কখনোই খন্দকার মোশতাকের মতো মুক্তিযুদ্ধবিরোধী ব্যক্তিরা নেতৃত্বে আসাতো দূরের কথা, কোথাও কোনো জায়গাও পায়নি।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘জাসদ প্রতিষ্ঠার পর থেকে সংসদীয় গণতান্ত্রিক রাজনৈতিক পথেই অগ্রসর হচ্ছিলো। ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সে নির্বাচনে জাসদের অনেক প্রার্থীর বিজয় ছিনিয়ে নেওয়ার পরও জাসদ দলীয় সংসদ সদস্যরা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছিলেন। তৎকালীন সরকার সংসদে জাসদের বিরোধী দলীয় ভূমিকা সহ্য না করে দলটির ওপর চরম রাজনৈতিক ও রাষ্ট্রীয় দমন-পীড়ন-নির্যাতন শুরু করে। ১৯৭৪ সালের ১৭ মার্চ জাসদের শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদান কর্মসূচিতে রক্ষীবাহিনী গুলিবর্ষণ করে হত্যাযজ্ঞ চালায়। জাসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় সব কেন্দ্রীয় নেতা এবং একযোগে জেলা ও থানা পর্যায়ের কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করে।’

‘পরদিন আওয়ামী লীগের মিছিল থেকে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের বিভিন্ন প্রাইভেট বাহিনী, পুলিশ, রক্ষীবাহিনী সারা দেশে জাসদের নেতাকর্মীদের ওপর হত্যা-নির্যাতন-গ্রেফতার চালাতে থাকে। এ পরিস্থিতিতে জাসদের সদস্যরা আত্মরক্ষার্থে গণবাহিনী গঠন করতে বাধ্য হয়। গণবাহিনীর সদস্যরা ছিলেন মুক্তিযোদ্ধা।’ বলা হয় বিবৃতিতে।

‘সুতরাং, জাসদ ও গণবাহিনী নিয়ে জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য কেবলমাত্র নির্জলা মিথ্যাচারই নয়, এ বক্তব্য তার রাজনৈতিক অজ্ঞতার বহিঃপ্রকাশ।’ বলে অভিযোগ করেন সাজ্জাদ হোসেন।

এর আগে শুক্রবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহিলা বিষয়ক উপ কমিটির শোক দিবসের আলোচনা সভায় নানক বলেন, ‘মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে ঢুকিয়ে দিয়ে, খন্দকার মোশতাকদের ঢুকিয়ে দিয়ে আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে চেয়েছিল। ব্যর্থ হয়ে স্বাধীনতাত্তোর বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করে। সেদিন আমাদের দলের ভেতরে অস্থিরতা ছিল, সে অস্থিরতা শুভ ফল বয়ে আনেনি। জিয়াউর রহমানরা বাংলাদেশের স্বাধীনতা মানতে পারেনি। মোশতাকরা মানতে পারেনি বলে বাংলাদেশ মুসলিম বাংলা নামে সংগঠন প্রতিষ্ঠা হয়েছে ১৯৭২ সালে। এরা সারাদেশে আওয়ামী লীগের বহু নেতাকর্মীদের হত্যা করেছে। সেসময় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছিল। সেদিন বিভাজনের মধ্য দিয়ে গণবাহিনী তৈরি করা হয়েছিল।’

তিনি বলেন, ‘সেদিন জাসদ সৃষ্টি, গণবাহিনী সৃষ্টি- মুক্তিযুদ্ধের বিরোধীদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। সেদিন আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছিল।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com