বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। পাঁচ সিটি নির্বাচনে মেয়র পদে দলের পদধারী নেতাদের তোড়জোড় না থাকলেও কাউন্সিলর পদে অনেকে মনোনয়নপত্র তুলেছেন। দলীয় ফোরামে তাঁদের সঙ্গে আলোচনা ও চিঠি দেওয়ার পরও নির্বাচন থেকে তাঁদের সরানো যাচ্ছে না। শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার না করায় গাজীপুরের ২৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এরপরও বাকি চার সিটির তিনটিতে কমপক্ষে ৬৬ জন নেতা অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, যাঁরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন, তাঁদের চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল। এরপরও যখন তাঁরা থামেননি, তখন দল তাঁদের বহিষ্কার করল। এখন যাঁরা বহিষ্কৃত হয়েছেন, তাঁরা থামবেন কেন। তাঁরা তো বহিষ্কৃত হয়েই গেছেন। এই ব্যবস্থা অন্যদের জন্য একটি বার্তা।












