জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল মার্কার সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল হক বলেছেন, ‘প্রচার মাইক ভেঙে, কোদাল মার্কার কর্মীদের ওপর হামলা করে বিজয় ঠেকানো যাবে না। ইনশাআল্লাহ কোদাল মার্কার বিজয় সুনিশ্চিত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মগবাজার রেলগেট থেকে গণসংযোগ কর্মসূচিতে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ঢাকা-১২ আসনের জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমি সবসময় আপনাদের পাশে আছি। কোদাল মার্কায় ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
নাগরিক সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, যানজট, ড্রেনেজ সংকট, নিরাপত্তা ও কর্মসংস্থানের মতো সমস্যাগুলোর বাস্তবভিত্তিক সমাধানে আমরা কাজ করব। জনগণের ভোটেই পরিবর্তন আসবে।
এসময় নেতাকর্মীরা লিফলেট বিতরণ এবং ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে কোদাল মার্কায় ভোট প্রার্থনা করেন। এরপর মিছিল ও পদযাত্রা ডাক্তার গলি, ওয়ালেস রেলগেট, আমবাগান, বক্সলেন, হাতিরঝিল, দিলু রোড এবং নিউ ইস্কাটন রোডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

গণসংযোগে উপস্থিত ছিলেন— কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক, ঢাকা-১২ আসনের নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, হাতিরঝিল থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রশিদ, যুগ্ম আহ্বায়ক শাহীন, বিশিষ্ট সংগঠক মো. মঞ্জুর হোসেন ঈসাসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
এছাড়াও গণসংযোগে হাতিরঝিল থানা বিএনপি, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও সমর্থন লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত এই গণসংযোগ কর্মসূচি ঢাকা-১২ আসনের নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।












