• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান

প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ৯:২৮
আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ৯:২৮

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐতিহাসিকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের সবচেয়ে ভয়ংকর শত্রু। ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ওই বাণীতে তারেক রহমান ঐতিহাসিক ৬ ডিসেম্বরের তাৎপর্য তুলে ধরেন।

তারেক রহমান বাণীতে বলেন, ৬ ডিসেম্বর একটি অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এই দিনে রক্তাক্ত ও পিচ্ছিল পথ পেরিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে। তিনি বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভঙ্গ করে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন হোসেইন মুহম্মদ এরশাদ। এর মাধ্যমে গণতন্ত্র হত্যা করে তিনি অসাংবিধানিক শাসন জারি করেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সাংবিধানিক রাজনীতির ভিত্তি স্থাপন করেছিলেন, যা বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা দিয়েছিল, একনায়ক এরশাদ সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেন।

তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ ৯ বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে যান এবং আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। তার নেতৃত্বে গড়ে ওঠে এক দুর্বার গণআন্দোলন। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ছাত্র-জনতার সম্মিলিত শক্তিতে স্বৈরাচার পরাজিত হয় এবং মুক্ত হয় গণতন্ত্র।

তিনি বলেন, সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র-জনতা ২০২৪ সালের ৫ আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে। ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু। ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের পরিপূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম চালিয়ে যেতে হবে।

তারেক রহমান আরও বলেন, শেখ হাসিনার দুঃশাসনে ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর জেল-জুলুমসহ নানামাত্রিক নিপীড়ণ চালানো হয়েছিল। অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটের মধ্যে রয়েছে। আল্লাহর কাছে আমি তার আশু সুস্থতা কামনা করছি। পাশাপাশি দেশের জাতীয়তাবাদী শক্তির লাখ লাখ নেতাকর্মীর ওপর সীমাহীন অত্যাচার-নির্যাতন চালানো হয়েছিল এবং সারা দেশকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

বাণীর শেষাংশে তারেক রহমান বলেন, আজকের এই দিনে ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত রক্তস্নাত স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই স্মরণীয় দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী গণতন্ত্রের হেফাজতকারী দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

পাশাপাশি তিনি গণতন্ত্রবিরোধী পরাজিত শক্তির যাতে আর কোনো পুনরুত্থান না ঘটে, সে জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com