জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন উপলক্ষে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর প্রাঙ্গণে সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকায় অনেকেই শ্রদ্ধা জানাতে পারেননি। এতে উপস্থিতদের মধ্যে ক্ষোভ দেখা যায়।
মঙ্গলবার (১৭মার্চ)রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে কড়া পুলিশ মোতায়েন রয়েছে। প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে এক মুক্তিযোদ্ধা বলেন, ‘বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছেন, তিনি কোনো একক দলের নেতা নন।’ এসময় তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।
এদিকে, একই স্থানে এক ব্যক্তিকে জন্মদিন উপলক্ষে উপহার বিতরণ করতে দেখা যায়। তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে না পারায় হতাশা প্রকাশ করেন।
অন্যদিকে বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁও এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন সাবেক ছাত্রনেতারা। বিকেলে একটি পিকআপে করে তারা এই কর্মসূচি পরিচালনা করেন।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছাত্রলীগের(বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, বর্তমান পরিস্থিতিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে হচ্ছে ভিন্ন বাস্তবতায়। তিনি অভিযোগ করেন, সরকার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, যা জনগণের একটি বড় অংশ মেনে নেয়নি। এসময় তিনি অবিলম্বে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।












