• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বাতিল চাইলেন রুমিন ফারহানা

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৪:১৯
আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৪:১৯

965623 4

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বাতিল চাইলেন রুমিন ফারহানা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে স্বাক্ষরিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি চুক্তিটিকে ‘দেশের স্বার্থবিরোধী’ আখ্যা দিয়ে বিষয়টি সংসদে উত্থাপন এবং প্রয়োজন হলে তা বাতিলের আহ্বান জানান।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব তোলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। সেখানে আমদানি-রপ্তানি ঘাটতি, কৃষি ও জ্বালানি পণ্য আমদানি এবং বিনিয়োগ আকর্ষণে নীতিগত সংস্কারের বিষয়গুলো উঠে আসে।

তিনি বলেন, বাণিজ্য ঘাটতি কমানোর যুক্তি দেখানো হলেও বাস্তবে এই চুক্তি দেশের জন্য কতটা লাভজনক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে, অর্থাৎ ৯ ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় এর গ্রহণযোগ্যতা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।

রুমিন ফারহানা আরও অভিযোগ করেন, ওই সময় দেশের বিভিন্ন সুশীল সমাজ ও গবেষণা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি এ ধরনের চুক্তি নিয়ে সতর্ক করেছিল। তাদের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এমন গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক চুক্তি করা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। তবে এসব মতামত উপেক্ষা করেই চুক্তিটি সম্পন্ন করা হয়।

তিনি দাবি করেন, চুক্তির কিছু ধারা বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তাই নির্বাচিত সরকারের মাধ্যমে এটি পুনর্মূল্যায়ন করা জরুরি। একই সঙ্গে তিনি চুক্তিটি সংসদে আনার এবং প্রয়োজন হলে বাতিল করার দাবি জানান।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার বক্তব্যে হস্তক্ষেপ করে বলেন, এটি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। কার্যপ্রণালি বিধির ৩০১ ধারা অনুযায়ী, পয়েন্ট অব অর্ডার অবশ্যই সংসদের চলমান কার্যক্রম বা শৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্ট হতে হবে।

স্পিকার আরও বলেন, রুমিন ফারহানা একটি নীতিগত ও নতুন বিষয় উত্থাপন করেছেন, যা পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণযোগ্য নয়। তিনি এ বিষয়ে যথাযথ বিধি মেনে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।

জবাবে রুমিন ফারহানা আবারও সময় চেয়ে বলেন, সরকার চাইলে এই চুক্তি বাতিল করতে পারে। অন্তত বিষয়টি সংসদে আলোচনার সুযোগ থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

তবে, স্পিকার তার এই প্রস্তাব পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com