• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাজেট বাংলাদেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য: আমির খসরু

প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪ ১:১২
আপডেট: শুক্রবার, ৭ জুন, ২০২৪ ১:১২

9602 3

বাজেট বাংলাদেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য: আমির খসরু

জনতার আওয়াজ ডেস্ক
প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বাজেট তো বাংলাদেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য। এদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য বাজেট। বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার কোনও সুযোগ নাই এখানে। বাংলাদেশের সর্বস্তরের মানুষের পকেট থেকে অলিগার্করা চুরি করবে এবং তারা শুধু বিজনেস পলিসি চালাচ্ছে না, তারা পুরো দেশ চালাচ্ছে৷’

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাজেট প্রতিক্রিয়া জানাতে গিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে আমির খসরু মাহমুদ বলেন, ‘বাজেট আর কী, যেখানে একটা অনির্বাচিত সরকার, যাদের কোনও ম্যান্ডেট নাই বাজেট দেওয়ার। কারণ তারা কোনও নির্বাচিত সরকার না, এই ব্যাপারে কারো মনে কোন সন্দেহ নাই। আর বাজেট দেয় কী দিয়ে? একটা দেশের রিসোর্সের উপর ভিত্তি করেই তো বাজেট দেয়া হয়। বাংলাদেশের বর্তমান রিসোর্স কী আছে? ব্যাংক খালি, বাংলাদেশের দেনা বাড়তে বাড়তে কোন জায়গায় গিয়েছে এখন। এখানে দেনা শোধ করতে প্রিন্সিপাল এবং বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে।’

বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘ব্যাংকিং সেক্টর খালি করে ফেলছে, বাংলাদেশের রিজার্ভের অবস্থা খারাপ, ফরেন কারেন্সির অবস্থা খারাপ। মানে যে রিসোর্সগুলোর ওপর ভিত্তি করে বাজেট হয়, বাংলাদেশে তো আজকে সেগুলো অনুপস্থিত। একদিকে একটা অনির্বাচিত সরকার, যাদের কোনও ম্যান্ডেট নাই বাজেট দেবার। অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রীয় তহবিল খালি করে ফেলছে চুরি, দুর্নীতি এবং বিদেশে পাচারের মাধ্যমে। বাংলাদেশের তহবিল খালি, রিজার্ভ খালির পথে, তারপর ব্যাংকগুলো সব লুটপাট করে টাকা সব নিয়ে গিয়েছে, শেয়ারবাজার ধ্বংস করে দিয়েছে।’

সাবেক এই বাণিজ্যমন্ত্রী দাবি করেন, ‘প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের উপকার না, এই যে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়ার পরে টাকা যতটুকু আসবে, সেগুলো তো সাধারণ মানুষের পকেট থেকে জোর করে নেবে। আরও বিদ্যুতের দাম বাড়াবে, আরও গ্যাসের দাম বাড়াবে, আরো পানির দাম বাড়াবে, আরো ট্যাক্স দাঁড়াবে এবং জোর করে ট্যাক্স আদায় করবে।’

‘সুতরাং এই টাকাটা আবার যাবে তাদের (জনগণ) পকেট থেকে। সুতরাং যতটুকু করবে সেটাতো সাধারণ মানুষের থেকে আদায় করবে তারা (সরকার)’ বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘তারা বিদ্যুৎ চুরি করবে সাধারণ মানুষের বিদ্যুতের বিল দিতে হবে। পানি, গ্যাস সব জায়গায় তাদের পকেট ভরার জন্য সাধারণ মানুষের পকেট থেকে আসবে সেই টাকা। একদিকে তো কোন রিসোর্স নাই সব খালি করে দিয়েছে, আগামীতে যতটুকু আসবে সেটাতো সাধারণ মানুষের থেকে দিতে হবে। এবং তারা আবার লুটপাট করে নিয়ে যাবে।’

অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এখান থেকে ঘুরে দাঁড়াতে একটা নির্বাচিত সরকার হতে হবে। একটা মুক্তবাজার অর্থনীতিতে সকলের সমান সুযোগ থাকতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড রাজনীতিতে থাকতে পারে, লেভেল প্লেয়িং ফিল্ড অর্থনীতিতে থাকতে হবে। তাহলেই জাতির প্রত্যেকটা মানুষের তার নিজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সে অর্থনীতিতে অবদান রাখতে পারবে, রাজনীতিতে অবদান রাখতে পারবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com