জনতার আওয়াজ ডেস্ক
দেশের মানুষের জন্য ভালো কিছুর অবদান রাখুন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, বিএনপি এমন একটি দল, যার কাছে মানুষ প্রত্যাশা করে। এ দলটি দেশের জন্য। দেশের মানুষের জন্য ভালো কিছু করবে এবং অবদান রাখবে।
বৃহস্পতিবার বাগেরহাটের সিএন্ডবি বাজার ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদলের লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচী পালন করা হয়।
তিনি বলেন, কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে আমরা দলে জায়গা দিব না। দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজে কেউ জড়িয়ে পড়লে আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না।
তিনি আরও বলেন, রাজনীতির অপর নাম হচ্ছে ত্যাগ। মানুষের সেবা করা। আমরা মানুষের যত সেবা করব ততই মানুষ আমাদের ভালবাসবে। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।
যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, হাসিনা পালালেও সংকট কাটেনি। মানুষ বিশ্বাস করে, অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এসময় বাগেরহাট জেলার বিভিন্ন ইউনিটের যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।












