• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক: রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব চেয়ারম্যানের

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১১:১৯
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১১:১৯

96598552100

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক: রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব চেয়ারম্যানের

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে দলের স্থায়ী কমিটি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মির্জা ফখরুল।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে স্থায়ী কমিটি আলোচনা করেছে। এ বিষয়ে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে প্রার্থীর নাম জানানো হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন। তবে দলীয় প্রার্থী হিসেবে কারও নাম এখনো চূড়ান্ত করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘিরে রাজনৈতিক সমীকরণ ও দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়েও সম্ভাব্য প্রার্থী নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। দলীয় সূত্রের দাবি, সম্ভাব্য প্রার্থী হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান ও বেগম সেলিমা রহমানের নাম আলোচনায় রয়েছে।

এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

তবে এসব নামের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের এ প্রস্তুতির মধ্যেই বিএনপির স্থায়ী কমিটি দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রের ভাষ্য, ইসির তফসিল ঘোষণার পরই বিএনপির প্রার্থী হিসেবে কার নাম আসছে, তা স্পষ্ট হবে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com