• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না : বুলু

প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩ ৬:০৩
আপডেট: শনিবার, ১০ জুন, ২০২৩ ৬:০৩

9666596

বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না : বুলু

ডেস্ক নিউজ
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না। আমরা ঘোষণা করেছি, যারা আন্দোলন-সংগ্রামে থাকবে, যারা রাজপথে থাকবে, যারা গণতান্ত্রিক ও দেশপ্রেমিক তাদের নিয়ে সরকার গঠন করা হবে।

শনিবার (১০ জুন) সারাদেশে বিদ্যুৎ লোডশেডিং বন্ধ এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক নাগরিক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন।

বুলু বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি, ৩০ লাখ শহীদ বুকের তাজা রক্ত দিয়েছেন গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি ও বাক-স্বাধীনতার জন্য। আজকে দেশে গণতন্ত্র নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই। একটি অবৈধ সরকার ক্ষমতায় আছে। মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্বের সব দেশের নেতাদের সমালোচনা করা যায়। কিন্তু শেখ পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, তাহলে তার বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা হয়ে যায়। এত ক্ষমতাবান তারা।

তিনি বলেন, আপনারা (আওয়ামী লীগ) বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি মুক্তিযুদ্ধ করেননি। তাহলে শেখ মুজিব কেন জিয়াউর রহমানকে সেক্টর কমান্ডার হিসেবে বীর উত্তম খেতাব দিয়েছেন। কারণ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ওনার ঘোষণার মধ্যদিয়ে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে রণাঙ্গনে। যুদ্ধ করে তিনি বাংলাদেশ স্বাধীন করেছেন। সেই কারণে তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছে।

গত ২৪ ডিসেম্বর শেখ হাসিনা আওয়ামী লীগের সম্মেলনে বলেছেন, এদেশের মানুষ ভোট চোরদের পছন্দ করে না। আমরাও বলতে চাই, এ দেশের মানুষ ভোট চোরদের পছন্দ করে না। তাই আজকে জাতিসংঘ, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইউরোপী ইউনিয়ন বলছে, ভোট চোররা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে দখল করে আছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এ দেশের মানুষের বিরুদ্ধে নয়। যারা অতীতে ভোট চুরি করেছেন, ভোট চুরির সহায়তা করেছেন, যারা কেন্দ্র দখল করেছেন, যারা মানুষের অধিকার হরণ করেছেন, গুম-খুন করেছেন তাদের বিরুদ্ধে। আগামী দিনেও এ নিষেধাজ্ঞা থাকবে।

বুলু আরও বলেন, আজকে যারা রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করে ১৪ লাখ কোটি টাকা লুট করে বেগম পাড়া করেছেন, যারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, মালয়েশিয়ায় হাজার হাজার কোটি টাকা দিয়ে ঘরবাড়ি কিনেছেন, সেসব আওয়ামী চোরদের বাংলাদেশে এনে জনতার আদালতে বিচার করা হবে। পাশাপাশি লুট করা ১৪ লাখ কোটি টাকা ফিরিয়ে আনা হবে। এ চোরদের দেশের মানুষ আর ক্ষমতায় থাকতে দেবে না।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমতুল্লাহ, নেছারুল হক ও মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com