বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ শারিরীক অসুস্থ বোধ করলে ওনার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারসহ পরিবারের সদস্যরা হাসপাতালের কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে তাকে ভর্তি করান।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন দিদার জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে এভারকেয়ার হাসাপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে বিএনপির বর্ষীয়ান এই নেতার আশু সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এসময় বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে উপস্থিত ছিলেন।












