কক্সবাজার প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে ‘বড়ভাই’ সম্বোধন করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমি আমার বদ্দা শাহজাহান চৌধুরীর ছোট ভাই, উনাকে আমি সবসময় সম্মান করি। আমার শ্রদ্ধেয় বড় ভাই ১৯৭৯ সাল থেকে এই এলাকার সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ছিলেন। ইনশাআল্লাহ আপনারা যদি বড় ভাইকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন তিনি আরো বেশি মর্যাদাবান হবেন।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উখিয়ার কোটবাজারে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমদ।
সাবেক প্রতিমন্ত্রী আরো বলেন, ‘তিনি (শাহজাহান চৌধুরী) কক্সবাজার জেলা বিএনপির সবচেয়ে বেশি সময় ধরে সভাপতি। উনার পরিপক্ক বয়স, জনগণকে সেবা দেওয়ার বয়স এবং দলের ত্যাগী নেতা। সুতরাং বারো তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন। জনগণের দল বিএনপি এদেশের স্বাধীনতার পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিএনপি বাংলাদেশের জনগণের স্বপ্নপূরণ করবে।
এসময় সভাস্থল মুখরিত হয় ‘শাহজাহান চৌধুরীকে মন্ত্রী চাই’ স্লোগানে।
সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, ধানের শীষ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতীক হিসেবে নিয়েছিলেন কারণ এটি বাংলাদেশের মার্কা, আপমর জনতার মার্কা। অতীতে যেমন আপনাদের সেবক ছিলাম, আমৃত্যু সেবকই থাকবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না বক্তব্য রাখেন। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী’র সঞ্চালনায় সভায় এছাড়াও জেলা-উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রসঙ্গত, কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করছেন সালাহউদ্দিন আহমদ। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকার বাইরে এসে এই প্রথম তিনি অন্য এলাকায় ধানের শীষের প্রচার অংশ নিয়েছেন।












