জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
‘মব’ সৃষ্টি করে রাশেদ প্রধানের গর্জনকে দমিয়ে রাখা যাবে না বলে বিএনপিকে হুশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।
তিনি বলেন, শেখ হাসিনার পতন থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে। পতিত খুনি হাসিনা স্বৈরাচার জনগণের বাকস্বাধীনতাকে টিপে ধরেছিল। কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে নাই। আপনাদের সময় এসেছে বিদায় নেবার।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় যুব জাগপা আয়োজিত ‘জাগপার মুখপাত্র রাশেদ প্রধান-এর বাসভবনে ‘মব’ সৃষ্টির প্রতিবাদে ও যুব জাগপা নেতা জনি নন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।
ইকবাল হোসেন বলেন, এই রাশেদ প্রধান বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশ আসার সুযোগ করে দিয়েছে। আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপি এতো তাড়াতাড়ি জাগপার অবদান কিভাবে ভূলে গেল?
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বাবলু বলেন, আজ বিএনপিকে ভালবাসা জানাতে এসেছিলাম কিন্তু তাদের ‘মব’ সৃষ্টির রাজনীতির কারণে ঝুঁড়ি ভরে ঘৃণা জানাতে হচ্ছে। অবিলম্বে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাসভবনে হামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং যুব জাগপা ক্রীড়া সম্পাদক জনি নন্দীর মুক্তি দাবি জানান নেতারা।
যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ায়ের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, জাগপা ছাত্র কাফেলার সভাপতি আবদুর রহমান ফারুকী, যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর জাগপা সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, ঢাকা জেলা যুব জাগপা সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক সৌরভ দাস প্রমুখ।












