জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বিএনপি।
আজ (১১ মার্চ) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণীতে পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা প্রদান করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণীতে বলেন “পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মোমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী ও সতর্ক থেকে নিজেকে পরিশুদ্ধ রাখেন শুধুমাত্র আল্লাহ’র নৈকট্য লাভের আশায়। রমজান মাস ইবাদতের বিশেষ মওসুম, কেননা এই মাসে মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। রমজানের মূল প্রতিপাদ্য আল কোরআন। এর উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।”
“প্রতি রমজানে এতিম থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষের সাথে ইফতারী করতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সেই প্রিয় নেত্রী অন্যায় ও অবিচারের শিকার হয়ে বন্দী এবং গুরুতর অসুস্থ। আসুন আমরা তাঁর নি:শর্ত মুক্তি ও সুস্থতার জন্য দোয়া করি,” বলেন তিনি।
ফখরুল ইসলাম আরো বলেন, “সংযমের মধ্য দিয়ে প্রতিহিংসা, অসূয়া আর পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক—এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা। আমি মাহে রমজানে সকলের সুখ—শান্তি ও কল্যাণ কামনা করি।”












