জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব আসার প্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।
সাক্ষাতের পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন। এতে তিনি ছাত্ররাজনীতির দীর্ঘ পথচলার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্ব, সহযোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাকিব লেখেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’
দায়িত্ব পালনকালে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সদ্য পদত্যাগ করা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের দিকনির্দেশনা ও সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।
নিজের নেতৃত্বাধীন রাকিব-নাছির কমিটির কার্যক্রম তুলে ধরে ছাত্রদল সভাপতি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রাজপথে সক্রিয় থাকা, পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসে ‘মব’ মোকাবিলা এবং কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্কে না জড়িয়ে দায়িত্ব পালন করাই ছিল কমিটির উল্লেখযোগ্য অর্জন।
দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন রাকিব। পাশাপাশি নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
আগামী দিনের নেতৃত্বে যাঁরাই আসুন, নতুন কমিটিকে সবাই আন্তরিকভাবে গ্রহণ করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন ছাত্রদলের বিদায়ী সভাপতি।












