• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১:০২
আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১:০২

96666522210

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি রাষ্ট্রপতিকে ‘ফ্যাসিস্টের রেখে যাওয়া দোসর’ আখ্যা দিয়ে বলেন, ‘জনগণের স্বার্থে তাকে দ্রুত অপসারণ করে আইনের আওতায় আনতে হবে।’

মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহীতে দলের বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নগরের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ‘১২ তারিখ সংসদ অধিবেশন শুরু হবে। আমরা শুনতে পাচ্ছি, সেদিন ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড় রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার আদায় করার জন্য, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কবে উচ্চকক্ষ গঠন করা হবে সেটা আমরা দেখার অপেক্ষায়।’

তিনি বলেন, “বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগটি ভালো হলেও চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা না গেলে এটি কেবল চোখ ধাঁধানো কর্মসূচি হয়ে থাকবে। তাই অবিলম্বে ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।”

এনসিপির আহ্বায়ক অভিযোগ করে বলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। ভারতে গ্রেপ্তার হওয়া হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি।’

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দিল্লির চুক্তি অনুযায়ী দেশে একটি অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচনে কারচুপির মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরতন্ত্রের পথেই হাঁটছেন। এই ধারা বন্ধ না হলে জনগণ আবারও আন্দোলনে নামবে।’

তিনি আরও বলেন, ‘দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘বিএনপি এখন ক্ষমতায় গিয়ে গণভোট নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু গণভোট নিয়ে প্রশ্ন তোলা মানে গণ-অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করা। দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে উল্লেখ করে তিনি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।’

এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

এনসিপির রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, তাহসিন রিয়াজ, সাইফ মুস্তাফিজ, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ।

ইফতার অনুষ্ঠানে বিভাগের ৮ জেলার এনসিপি, যুবশক্তি ও নারীশক্তির প্রায় ২ হাজার নেতা-কর্মী অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com