লক্ষ্মীপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার দৌড়ে লক্ষ্মীপুরের তিন বধু মনোনয়ন পেয়েছেন।
এ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির, শহিদ ডা. ফয়েজ আহমেদের সহধর্মিণী মারজিয়া বেগম।
মারজিয়া বেগম বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নারী নেত্রী এবং দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল। সাম্প্রতিক তথ্যানুযায়ী, তিনি কেন্দ্রীয় নারী শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য বা সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, পুত্রবধূ রেহানা আক্তার রানু বিএনপির পক্ষ থেকে ফেনী আসনে মনোনয়ন পেয়েছেন। তার স্বামী ইঞ্জিনিয়ার মনিবুর রহমান সবুজ লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আলীপুর গ্রামের মরহুম ইঞ্জিনিয়ার সুলতান আহমদের ছেলে।
রেহানা আক্তার রানু ফেনীর মেয়ে। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ভিপি এবং কেন্দ্রীয় সংসদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। সর্বশেষ তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া বিএনপির মনোনীত আরেক প্রার্থী বীথিকা বিনতে হুসাইন। তিনি স্বেচ্ছাসেবক দলের সাবেক ও মরহুম কেন্দ্রীয় নেতা সফিউল বারী বাবুর সহধর্মিণী। বাবু লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সন্তান ছিলেন।












