বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গভীর রাতে দরজা ভেঙে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (১১ অক্টোবর) সকালে বিএনপি নেতা এ্যানীতে বাসা থেকে তুলে নেওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ নিন্দা জানান তিনি।
রিজভী বলেন, চারদিক থেকে সরকার পতনের আওয়াজ উঠায় তারা বেসামাল হয়ে আবারও গ্রেফতার নির্যাতন ও ফরমায়েশি রায়ের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা শুরু করেছে। কিন্তু এসব করে তাদের শেষ রক্ষা হবে না। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সব মামলায় জামিনে থাকার পরও তাকে বাসা থেকে ডাকাতদের মতো তুলে নিয়ে আসা মানে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। কিন্তু জনগণ আর নিপীড়নকে ভয় পায়না।
তিনি বলেন, বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসী বিশ্বাস করে তারা আর জোর করে ক্ষমতায় থাকতে পারবে না। সুতরাং যতই গ্রেফতার নির্যাতন হোক না কেন সরকারের পতন ঠেকানো যাবে না। অবিলম্বে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তি দাবি করেন রিজভী।












