• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে ১২ দলের সমর্থন

প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ৭:৫২
আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ৭:৫২

9745896 14

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে ১২ দলের সমর্থন

জনতার আওয়াজ ডেস্ক
কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অসহযোগ আন্দোলনের আহ্বানকে সমর্থন জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট।

শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের ১২ দলের অস্থায়ী কার্যালয়ে জোটের এক জরুরি সভা শেষে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানানো হয়েছে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর বিগত পনের বছরের আন্দোলন ব্যর্থ হয়নি। ইনশাআল্লাহ চলমান আন্দোলনও ব্যর্থ হবে না। এই আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক মানুষের বিজয় হবে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবার বিজয়ের এক ঐতিহাসিক মাইলফলকের দিকে অগ্রসর হচ্ছে। আমরা ছাত্র-জনতার পাশে আছি এবং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত পাশে থাকব ইনশাআল্লাহ।

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্র-জনতার আন্দোলন কখনোই ব্যর্থ হয়নি। আমাদের মনে রাখতে হবে, ছাত্র-জনতার ১৯৫২, ’৬৯, ’৭১-এর আন্দোলন মহান বিজয়ের ইতিহাস। তাই এবারের ২০২৪ সালের ছাত্র আন্দোলনও ব্যর্থ হবে না। এখন প্রয়োজন আমাদের নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব নিয়ে রাজপথে নেমে পড়া।

এ সময় জোট নেতারা ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ গণতান্ত্রিক আন্দোলনে গ্রেপ্তার সব রাজবন্দি ও ছাত্র-জনতার অবিলম্বে মুক্তি দাবি করেন।

সভায় আরও বক্তব্য দেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, জাতীয় দলের ভাইস চেয়ারম্যান মো. সারোয়ার আলম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামি ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এম এ মান্নান, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান খান।

সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ এলডিপির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম রনক, তমিজউদদীন টিটু, আবুল বাশার, জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির আমিনুল ইসলাম, শরীফুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির আবু হানিফ, লায়ন উমার রাযী, ইসলামি ঐক্যজোটের বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন প্রমুখ নেতা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com