জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশ ভালো নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আমি শুধু একটা কথাই বলতে চাই, দেশ ভালো নেই। এত রক্ত ও এত জীবন দেওয়ার পর দেশের মানুষ যে প্রত্যাশা করেছিল, দেশ এখন সেই প্রত্যাশার বিপরীতে অবস্থান করছে। তবে আমি এটাও বলে যাচ্ছি, ওই স্রোত যত ভয়াবহই হোক, সেই স্রোতের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি।’
মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটে বিএনপি সরকারের বিগত তিন মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুরে সিলেটের সোনাতলা এলাকায় ধর্ষণের পর হত্যা করা শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় ফাহিমার সমবয়সী শিশুরা রাস্তার পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে তার হত্যার বিচারের দাবি জানায়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
শিশু ফাহিমা হত্যা প্রসঙ্গে আমির বলেন, ‘শিশু ফাহিমা হত্যা মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার দিকে যায়, তাহলে আমরা ধরে নেব এই বিচার আর হবে না। রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে সরকারকে এমন নিশ্চয়তা দিতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।’

জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে সুবিচার করা হয়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের ওপর এক ধরনের জুলুম। মূল্য বৃদ্ধি করতেই হলে তা সংসদে আলোচনা করে করা উচিত ছিল। কিন্তু জনগণ ঘুমিয়ে থাকার সময়ে রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’












