জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ সরকারের পতনকে সহজে মেনে নিতে পারেনি মোদী সরকার এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করেছে। এখন তাদের আধিপত্য ফিরিয়ে আনতে বাংলাদেশ নিয়ে ভারত যে কোন সময় ‘ক্যু অথবা দাঙ্গা ‘ লাগিয়ে দিতে পারে! তাই সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র-জনতা ও অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে।
সোমবার (২৬ আগস্ট ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত ‘ বাংলাদেশ নিয়ে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশকে গিলে খাওয়ার পরিকল্পনা করেই ভারত গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের নেতা, পুলিশের কতিপয় কর্মকর্তা, সরকারি -বেসরকারী আমলা এবং লোভী রাজনীতিক নেতাদের নারী ও অর্থের বিনিময়ে জিম্মি করেছেন। সুতরাং ভারত এখনো আন্তর্জাতিকভাবে এবং আওয়ামী লীগের প্রেতাত্মাদের মাধ্যমে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।
জাগপার এই নেতা আরো বলেন, ভারত হলো একটি আত্মঘাতী দেশ। যে দেশ স্বার্থের জন্য নগ্ন চেহারা দেখায়। স্বার্থের প্রয়োজনে স্বৈরাচারকে গদিতে বসায়। আর দেশ-বিরোধী আওয়ামী লীগ সহ অন্য দলের নেতারা ভারতের বিরুদ্ধে কঠোর হতে ভয় পায়। তবে বেঈমান -মুনাফেকদের মনে রাখা ভাল। ভারত যদি আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় বসাতে পারে। তাহলে বাংলাদেশ হবে ভারতের সামরিক ঘাঁটি। বাংলাদেশের আমলারা হবে তাদের চাকর।
তিনি বলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহ-সভাপতি রাশেদ প্রধান এর নেতৃত্বে এবং ছাত্র জনতাকে সাথে নিয়েই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করা হবে। ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন, জেএসএফ এর সভাপতি হাজী আনোয়ার হোসেন, বিএনপির সালাউদ্দিন আহমেদ মানিক, জাগপা যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান, মীর কচি, মনির হোসেন, বাদল মির্জা, আহসান উল্লাহ, জসিম উদ্দিন, মো. দিদার, মো. ইসমাইল হোসেন, ইমরান হোসেন সহ যুক্তরাষ্ট্র প্রবাসীরা বিএনপি ও জাগপা নেতৃবৃন্দ।












