জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, কিছু শক্তি মানুষকে ধর্মের আড়ালে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, এসব গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র চালাচ্ছে এবং তাদের কিছু লোক নকল সিল তৈরির কাজে ধরা পড়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১৪ আসনের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, মুক্তিযুদ্ধের সময়ে একটি দল দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। নব্বইয়ের দশকেও তারা দেশের মানুষের কথা ভুলি করে স্বৈরাচারকে সমর্থন দিয়ে নির্বাচনে অংশ নিয়েছিল। বিভিন্ন সময়ে এ ধরনের মহল জনগণকে উপেক্ষা করে চলে গিয়েছে, এমন উদাহরণ অতীতে দেখা গেছে।
বিএনপি চেয়ারম্যান ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের ভোটের অধিকার রক্ষা করতে হবে। কেউ যেন আপনার ভোটকে নিয়ন্ত্রণ করতে না পারে, কেউ যেন আপনার রায়কে পাল্টে দিতে না পারে। বহু রক্ত, ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত এই ভোটাধিকার এবার দেশের মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। ভোটকে দেশের পুনর্গঠন এবং জনগণের ভাগ্য পরিবর্তনের কাজে কাজে লাগাতে হবে।
তারেক রহমান আরও বলেন, যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে ঢাকা-১৪ সহ দেশের প্রতিটি আসনে অন্তত একটি কারিগরি ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। শিক্ষিত যুবকরা দক্ষ হয়ে বিদেশ গেলে যাতে তাদের পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে না হয়, সেই জন্য সরকার স্বল্প সুদে ঋণের সুবিধা প্রদান করবে। এছাড়া নারীদের ও শিশুদের জন্য প্রতিটি এলাকায় হেলথ কেয়ার সেন্টার স্থাপন করা হবে, যাতে চিকিৎসাসেবা পেতে তাদের দূরদূরান্তের হাসপাতাল যেতে না হয়।
তিনি আশ্বস্ত করেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি মানুষ তাদের অধিকার রক্ষা এবং সুযোগ-সুবিধা পাবে। দেশ পুনর্গঠনের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।













