জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সম্পাদকদের লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতে ইসলামী সরকারের ভালো কাজে সহযোগিতা এবং সব অন্যায় ও গণবিরোধী কাজ প্রতিরোধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
সোমবার (২৪ আগস্ট) সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডের মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জামায়াত আমির দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দল যে ভূমিকা পালন করছে তা তুলে ধরেছেন। জাতীয় সমস্যা, জনদুর্ভোগ, বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার সমাধানে জামায়াতের ভূমিকা তুলে ধরেন। সংসদে ও সংসদের বাইরে জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে বলে তিনি উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে প্রচলিত ও প্রথাগত বিরোধীদলের যে খারাপ অনুশীলন ছিল; সেই প্রথা ভেঙে দিয়ে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং সকল অন্যায় ও গণবিরোধী কাজের প্রতিরোধ করতে জামায়াত যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
গণতন্ত্রের উত্তরণে সম্পাদকদের দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সংসদের অতীতের বিরোধীদলগুলোর তুলনায় জামায়াত ব্যতিক্রম বলে অভিমত প্রকাশ করেছেন সম্পাদকরা। জামায়াত সংসদকে গঠনমূলক পন্থায় কার্যকর রাখতে চায়। এজন্য সরকারকেও দায়িত্বশীল হতে হবে। শুধু বিরোধীদল এটি করতে পারবে না।
মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমাদের আমন্ত্রণে আজকে গণমাধ্যমের অনেক সম্পাদকরা এসেছিলেন। অনেক সিনিয়র সাংবাদিকরা এসেছেন।’
এ সময় গণমাধ্যমের সঙ্গে জামায়াতের দূরত্ব নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা মনে করি না জামায়াতের সঙ্গে গণমাধ্যমের দূরত্ব আছে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলো পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক বণিক বার্তা পত্রিকার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম, দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান প্রমুখ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলনা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ জাহিদুর রহমান ও দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও আতাউর রহমান সরকার প্রমুখ।













