• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরতন্ত্রের পতন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজন ঐক্যবদ্ধ উদ্যোগ: দুদু

প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৩:৫১
আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৩:৫১

9658696 1

সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরতন্ত্রের পতন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজন ঐক্যবদ্ধ উদ্যোগ: দুদু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে জনগণের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে। তবে সংগ্রাম এখানেই শেষ নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সেই একই ঐক্য, সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে আসতে হবে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরতন্ত্রের পতন হয়েছে। সম্মিলিত উদ্যোগেই আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। “শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সবকিছুই শেষ হয়ে গেছে—অর্থাৎ স্বৈরতন্ত্রেরও—এভাবে ভাবা ঠিক হবে না।”

তিনি বলেন, শেখ হাসিনা নিজের দলকে যেমন ধ্বংস করেছেন, বাংলাদেশের গণতন্ত্রও ধ্বংস করেছেন। নীতি, নৈতিকতা, আদর্শ—সবকিছু তিনি ধ্বংস করেছেন। নির্বিচারে গণহত্যা চালিয়েছেন ছেলেমেয়ে, পথচারী ও বিভিন্ন পেশার নেতাকর্মীদের ওপর। গণহত্যা হয়েছে, দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। বাংলাদেশের এমন কোনো ব্যাংক নেই যেটা থেকে তিনি ও তার পরিবার লুটপাট করেননি। তার দলের নেতাকর্মীরাও একই কাজে জড়িত ছিলেন।

সাবেক এই সংসদ সদস্য বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নানামুখী ষড়যন্ত্র আছে, বিভিন্ন দেশের ষড়যন্ত্র আছে। আমাদের একটি পার্শ্ববর্তী দেশ রয়েছে, যারা হত্যাকারী, গণহত্যাকারী ও লুটেরাদের আশ্রয় দিয়েছে। তারাও বসে নেই। যদি আমরা ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি, ঠিক তেমনি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রও প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার জানিয়েছেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন দেবেন। দেশবাসী তা বিশ্বাস করে। ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। একটি সম্ভাবনাময় পরিস্থিতি সৃষ্টি হবে—এটা যেমন আমরা বিশ্বাস করি, দেশবাসীও বিশ্বাস করে, রাজনৈতিক দল ও নেতৃবৃন্দও বিশ্বাস করেন। এটি সফল করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের মাধ্যমেই আমরা পারব বাংলাদেশকে রক্ষা করতে এবং সামনে এগিয়ে নিতে।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, দলের মুখপাত্র শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক হাবিবুর রহমান এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com