• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার জনগণের সাথে ভণ্ডামি-ধোঁকাবাজি করছে : ভিপি নুর

প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৩
আপডেট: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৩

96663258 3

সরকার জনগণের সাথে ভণ্ডামি-ধোঁকাবাজি করছে : ভিপি নুর

ক্ষমতাসীনদের সমালোচনা করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ এ সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এখন সরকারের হাতে হারিকেন ধরিয়ে বিদায় দেওয়ার পালা।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, এক মাসে দুবার বিদ্যুতের দাম বাড়িয়ে এই সরকার জনগণের সাথে ভণ্ডামি-ধোঁকাবাজি করছে। সরকার বাণিজ্যিক পর্যায়ে গ্যাস এবং বিদ্যুতের যে মূল্য বাড়িয়েছে এতে করে কল-কারখানা, গার্মেন্টস এবং শিল্পপ্রতিষ্ঠানের সব খরচ বেড়ে যাবে। ফলে এই ব্যয়ভার জনগণের ওপরে তারা চাপাবে। সরকার বলছে, এটা গ্রাহকদের ওপর বাড়ানো হয়নি, ব্যবসায়ীদের ওপর বাড়িয়েছে। কারণ ব্যবসায়ীরা অনেক টাকার মালিক, কিন্তু ব্যবসায়ীরা তো এই খরচ ক্রেতাদের কাছ থেকে নেবে। বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে অলরেডি ১২ শতাংশ বাড়িয়েছে এই সরকার। এরা যে ডাকাত সরকার, লুটপাটের সরকার তা আর নতুন করে বলার কিছু নেই।

তিনি আরও বলেন, গত ৩২ বছর দুটি দল দেশ চালিয়েছে। কিন্তু জনগণ কখনোই ভালো ছিল না, সুখে ছিল না। বরং এই সময়ে যে দল যখনই ক্ষমতায় ছিল তখনই সে বিরোধীদের নির্মূল করে একদলীয় শাসন কায়েম করার পাঁয়তারা করেছে। ১৯৯৬ সালে এই সরকার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৬ দিন জ্বালা-পোড়াও আন্দোলন করে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছিল। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এখন এই সরকারই বলছে-সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। যে সংবিধানকে কাটাছেঁড়া করে বাকশালী সংবিধানে রূপান্তরিত করেছে- সেই সংবিধান দিয়ে জনগণের অধিকার রক্ষা হবে না। তাই এই সরকারকে জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ।

ভিপি নুর বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকলে গণঅধিকার পরিষদ এককভাবে প্রার্থী দেবে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। আমরা গণতন্ত্র মঞ্চের সাথে যেমন আছি, তেমনি বৃহৎ স্বার্থে আমরা অন্যসব বিরোধী দল নিয়ে বৃহৎ ঐক্য গড়ে তুলতে চাই।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগের উন্নয়ন, হাতে হাতে হারিকেন। মাসে মাসে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে মানুষের পকেট কাটছে অবৈধ সরকার। আইএমএফের কাছ থেকে ঋণ পেতে জনগণের ওপর এই জুলুম শুরু করেছে। এই জুলুমবাজ সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান ও সাইফুল্লাহ হায়দারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন-দলটির যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সোহরাব হোসেন, আবু হানিফ, বিপ্লব কুমার পোদ্দার, সাদ্দাম হোসেন, শাকিলউজ্জামান, ড. মালেক ফরাজী, জসিম উদ্দিন, পাঠান আজহার, সহকারী আহ্বায়ক শামসুদ্দিন, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, তারেক রহমান, মহানগর দক্ষিণের সদস্য সচিব ইসমাইল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে হারিকেন মিছিল বের করে গণঅধিকার পরিষদ। মিছিলটি পল্টন মোড়, নাইটিঙ্গেল, ফকিরাপুল মোড় হয়ে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com