• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার নিজেদের রক্ষা করতে পারবে না : ফখরুল

প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ১১:১৫
আপডেট: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ১১:১৫

966689 11

সরকার নিজেদের রক্ষা করতে পারবে না : ফখরুল

নিউজ ডেস্ক
বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ সরকার নিজেদের রক্ষা করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জনগণ এখন ক্ষমতাসীন সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। বিএনপির ডাকে বিভিন্ন সভা-সমাবেশে লাখ লাখ মানুষের অংশগ্রহণ জানান দিচ্ছে যে, তারা আর এক মুহূর্তের জন্যও এই সরকারকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না।

শনিবার (২৬ আগস্ট) রাতে দলের সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন ফখরুল।

বিবৃতিতে বলা হয়েছে, কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপির বর্ধিত সভায় আকস্মিকভাবে আওয়ামী লীগের ৪০-৫০ জন নেতাকর্মী হামলা চালায়। তারা বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক গুলিবর্ষণ এবং কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, কুমিল্লায় বিএনপির শান্তিপূর্ণ বর্ধিত সভায় আকস্মিকভাবে আওয়ামী লীগের হামলায় বেলনগর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, লালমাই যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহমান, যুবদলের সদস্য আরিফ ও ছাত্রদলের সদস্য শরীফসহ অনেক নেতাকর্মী গুরুতর আহত হওয়ার ঘটনা সরকারি নির্যাতনের চলমান ভয়াবহ চিত্র। গুরুতর আহতদের অনেকেই এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। ক্ষমতা আঁকড়ে রাখতে নিশিরাতের সরকার এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিকেও বরদাশত করছে না।

তিনি বলেন, বিএনপিকে নানাভাবে ভীত-সন্ত্রস্ত রাখার ধারাবাহিক সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবেই কুমিল্লায় নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণসহ ন্যক্কারজনক হামলা চালানো হলো। উদ্দেশ্য একটাই—অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক নির্বাচনকে বাদ দিয়ে আবারও একটি তামাশার নির্বাচন করা। সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী শাসকগোষ্ঠী দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর নারকীয় হামলা চালিয়ে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। বর্তমান সরকারের প্রতি জনগণের ঘৃণা এখন এতটাই তীব্র মাত্রা লাভ করেছে যে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সুযোগ পেলে জনগণ তার উপযুক্ত জবাব দিবে। আর সেজন্যই দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার সাধারণ জনগণ ও বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোকে নানা পন্থায় দমন করতে সরকার সব ধরনের নিষ্ঠুর পদ্ধতি গ্রহণ করছে।

মির্জা ফখরুল বিবৃতিতে কুমিল্লায় বিএনপির শান্তিপূর্ণ বর্ধিত সভায় হামলাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। একইসঙ্গে আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com