সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে যখন-তখন গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)।
দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাত হোসেন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, আওয়ামী সিন্ডিকেটের মুনাফার জন্য সরকার এই বিদ্যুতের দাম বাড়িয়েছে। বারবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বর্তমানে দেশে গণতন্ত্রের নামে নির্বাচন আছে কিন্তু জনগণের ভোট দেওয়ার অধিকার নেই। আদালত আছে কিন্তু বিচার নাই। ব্যাংক আছে কিন্তু টাকা নেই। শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার নাই। তারা সরকারের এই অপকর্ম থেকে মুক্তি পেতে জণগণকে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।












