জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার ঢাকাসহ সারা দেশে শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে দলটি।
রবিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি এক দিনের শোক কর্মসূচি পালন করবে। এ উপলক্ষে সোমবার দেশব্যাপী দলের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী দেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের চেয়ারম্যান বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, অধ্যাপক আমিনুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদ হোসেনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার ভোর ৪টা ১৮ মিনিটে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।












