জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচারীদের বিরুদ্ধে আন্দোলন করার জন্যই বিএনপির জন্ম। অতীতেও বিএনপি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবারও করবে।
মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগ মজলুম জননেতা মওলানা ভাসানীর ঘনিষ্ট সহচর মশিউর রহমান যাদু মিয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, পাকিস্তান ও বাংলাদেশ আমলে যারা রাজনীতির সাথে যুক্ত কম বেশি তারা সবাই মশিউর রহমান যাদু মিয়াকে চিনেন। তবে একটা গোষ্ঠী পাকিস্তান আমলে ও বাংলাদেশ আমলেও তাকে ভালো চোখে দেখেনা।
তিনি বলেন, মশিউর রহমান যাদু মিয়া প্রজ্ঞা দিয়ে, তার বিচক্ষণতা দিয়ে তিনি তার মত চলেছেন। তিনি যে উদ্যোগ গুলো নিয়েছিলেন যে যাই বলুক সেটা ছিল বাংলাদেশের জনগণের জন্য। সর্বশেষ যে উদ্যোক্তা তা হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা। এই কাজটাও অনেকে সহজ ভাবে নিতে পারেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব কে মেনে নিয়ে তিনি যখন বিএনপি বিস্তরভাবে গঠনের উদ্যোগ নেন তার সেই কাজটা তার আশেপাশের লোকজনও মেনে নেয়নি।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ফ্যাসিবাদ আজ বাংলাদেশে যেভাবে গেড়ে বসে আছে তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল আন্দোলন চালিয়ে যাচ্ছে। এক সময় স্বৈরাচার হোসাইন মোহাম্মদ এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছে। যদি সেই সময় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের উদ্যোগ না নিতো তাহলে এটা সম্ভব হতো না। ফ্যাসিবাদ স্বৈরাচারীদের বিরুদ্ধে আন্দোলন করার জন্যই বিএনপির জন্ম। অতীতেও বিএনপি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবারও করবে ভবিষ্যতেও বাংলাদেশ ফ্যাসিবাদকে থাকতে দেবেনা।
ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, জাতীয় পার্টি কাজী (জাফর) এর মহাসচিব আহসান হাবীব লিংকনসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।












