ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ভোটের আগের দিন বিকাল থেকে শুরু করে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত আপনারা কেন্দ্র পাহারা দেবেন। আপনাদের ভোট হেফাজতে আছে কিনা, সেটা খেয়াল রাখবেন। কেউ যেন ভোট কারচুপির স্বপ্নও না দেখে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ভোট কারচুপির চেষ্টা হলে পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ এলাকার সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান।
হাঁস প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, হাঁস হলো সততা ও সাহসের প্রতীক। ৩০০ আসনের সংসদে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার প্রতীক এই হাঁস।
টাকার বিনিময়ে কিংবা ভয়ভীতির মুখে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, আপনার একটি ভোট অনেক মূল্যবান। এই ভোট শুধু আপনার না—আপনার সন্তান ও এলাকার ভবিষ্যতের সঙ্গে জড়িত। যদি কেউ আপনার ভোট কিনে নেয়, তাহলে আপনার ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার সময় সেই টাকার সুদসহ আদায় করবে। দুনিয়াতে ফ্রি ফ্রি বলে কিছু নেই।
বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ৫ আগস্টের পর বহু মানুষের নামে মিথ্যা মামলা হয়েছে। এখন বলা হচ্ছে টাকা দিলে মামলা উঠিয়ে দেওয়া হবে, টাকা না দিলে নতুন মামলায় নাম ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা কি আবারও ওই অপশাসন চান?
তিনি আরও বলেন, আমি কারো ওপর কোনো জুলুম করিনি, কাউকে ভয় দেখাইনি। তাই হাঁস মার্কার বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।
জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।












