গাইবান্ধা প্রতিনিধি
‘৩৬ দিন বা এক মাসে কোনো অভ্যুত্থান, কোনো বিপ্লব, কোনো পরিবর্তন বা কোনো যুদ্ধ হয় না’ বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার (২২ এপ্রিল) গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে বিএনপির আয়োজনে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, ‘কোনো অভ্যুত্থান ৩৬ দিনে হয় না। হয়তো বছরের পর বছর বা যুগের পর যুগ সময় লাগে। সেই সংগ্রাম আর বিপ্লবের পেছনে ভেসে যায় মানুষের আত্মত্যাগ, মানুষের সংগ্রাম, মানুষের রক্ত।’
তিনি বলেন, ‘কেউ যদি মনে করেন অল্প কয়েক দিনের আন্দোলনে হাসিনাকে দেশ ছাড়া করেছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের ১৫ বছরের পাপের বিচার আগামী ১০০ বছর ধরে চলতেই থাকবে। গত ১৫ বছর বিএনপি মাটি ছাড়েনি, আগামীতেও এক চুল মাটি ছাড়বে না।’
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন, কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক মোর্শেদ হাসান খান প্রমুখ।












