জনতার আওয়াজ ডেস্ক
ছবি: প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে ‘বোমা মেশিন’ ব্যবহার করে বালু উত্তোলন করায় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২০ মে) রাত ২টার দিকে উপজেলার সারি-২ এলাকার দিগারাইল পাখিবিলের মধ্যবর্তী স্থানে এই অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার উত্তর বাউরভাগ গ্রামের পারভেজ আহমেদ (২২), মোহাম্মদ স্বপন (২৩) এবং দক্ষিণ বাউরভাগ গ্রামের সাদিক আহমেদ (২৫)।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, ‘অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে।’












