• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন না করার ঘোষণা দিয়ে কাঁদলেন আরিফ, কাঁদালেন সিলেটবাসীকে

প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩ ১০:০৫
আপডেট: শনিবার, ২০ মে, ২০২৩ ১০:০৫

98885547

নির্বাচন না করার ঘোষণা দিয়ে কাঁদলেন আরিফ, কাঁদালেন সিলেটবাসীকে

ডেস্ক নিউজ
নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের টানা দুবারের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি নগরবাসীকে ভোট বর্জনের আহ্বান জানান।

শনিবার (২০ মে) বিকেলে নগরের রেজিস্ট্রারি মাঠের জনসভায় এ ঘোষণা দেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনীতি শুরু করেছি। আমার জীবন থাকতে এ দলের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবো না। অনেকে আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন। কিন্তু আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। এ সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই। বিশেষ করে ইভিএম নিয়ে নগরের মানুষজন জানে না। এটা ভোট কারচুপির মহা আয়োজন। আমি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার মা ও শ্রদ্ধেয় আলেম-ওলামাদের পরামর্শে নির্বাচন বর্জন করলাম।’

রেজিস্ট্রারি মাঠের লিখিত বক্তব্য পাঠের সময় কান্নায় কন্ঠ ভারী হয়ে যায় মেয়র আরিফের। তার কান্না দেখে মাঠে উপস্থিত অনেক নেতাকর্মীরাও অশ্রুসিক্ত হয়ে পড়েন।

আরিফ বলেন, ‘অতীতে আপনারা আমার পাশে ছিলেন। আমি কারাগারে থাকা অবস্থায় আপনারা আমার পাশে এসে দাঁড়িয়ে ছিলেন। আমি সেসব কথা ভুলতে পারি না।’

এর আগে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ বাসা কুমারপাড়া থেকে হেঁটে হজরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছান। মাজার জেয়ারত শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বক্তব্য দেন আরিফ। এসময় রেজিস্ট্রারি মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

গত ১৬ এপ্রিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে সংকেত রয়েছে এবং তা দু-চারদিনের মধ্যে জানাবেন বলে জানিয়েছিলেন আরিফুল হক। যুক্তরাজ্যে সফরকালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে ওই সংকেত পান। সংকেতটি লাল না সবুজ; অর্থাৎ নির্বাচন করবেন কি না- তার ব্যাখ্যা দিতে এক মাস সময় চেয়ে নেন। ফলে আজ দুপুরে রেজিস্ট্রারি মাঠের নাগরিক সমাবেশে আরিফুল কী ঘোষণা দেন, তারই প্রতীক্ষায় ছিলেন প্রার্থী, ভোটার ও সাধারণ মানুষ।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে বিএনপি নেতা আরিফুল হক নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্রপ্রার্থী হতে পারেন বলে শুরু থেকেই গুঞ্জন রয়েছে। বিভিন্ন সময়ে আরিফুল হকের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে গুঞ্জন ও নগরবাসীর কৌতূহল আরও বাড়িয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com