শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
মাদক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যাংকিং খাতের সংস্কার ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিএনপি সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদককারবারিদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ ছিল। এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠছে। এ পরিস্থিতিতে পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকায় মাদক নিয়ন্ত্রণের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর মিলনায়তনে এনসিপির জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। দলটির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমান বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না।
ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্যে ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য সংস্কার না হওয়া এবং ব্যাংকব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ার বিষয়টি উঠে আসে।
সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপির ছত্রছায়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।
মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও আবীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।
এ সময় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার নেতারা উপস্থিত ছিলেন।












